শাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৬ আগস্ট , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পক্ষপাতের অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় উপাচার্যের গাড়ি আটকে তারা স্লোগান দেন এবং সরাসরি জিজ্ঞাসাবাদ করেন।
এর আগে সকালে মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য বক্তব্য রাখলেও, ছাত্রদলের নেতাকর্মীরা সেই সভা বয়কট করেন। অনুষ্ঠান শেষে উপাচার্য দোয়ার মাহফিলে যোগ দিতে কেন্দ্রীয় মসজিদের দিকে রওনা দিলে, অর্জুনতলায় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান ছাত্রদলের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী।
বিক্ষোভে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার। তারা অভিযোগ করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে পরিচিত একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অন্যান্য অংশগ্রহণকারী সংগঠনগুলোকে উপেক্ষা করা হয়েছে।
বিক্ষোভে ছাত্রদলের নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘জুলাইয়ের গাদ্দার হুঁশিয়ার’সহ নানা স্লোগান দেন। এছাড়াও কারও কারও মুখে উপাচার্যকে উদ্দেশ্য করে ‘ফাইজলামি করেন?’ এমন মন্তব্য শোনা যায়।
বিক্ষোভ চলাকালে উপাচার্য উপস্থিত ছাত্রদের সঙ্গে বসার আশ্বাস দেন এবং সবাইকে দোয়া মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানান। পরে প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে, ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তার তর্ক হয়।
পরে ছাত্রদল গোলচত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেয়। সেখানে সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “জুলাই অভ্যুত্থানের আগে আন্দোলন ছিল দলমতনির্বিশেষে সবার। এখন প্রশাসন একটি নির্দিষ্ট সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে। এর কারণ না জানা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।”
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দীন বলেন, “আয়োজক কমিটির পক্ষ থেকে হয়তো কিছু ভুলভ্রান্তি হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানব।”