জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ ফেব্রুয়ারি , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি)।
আগামীকাল ‘ডি’ (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। এবার ১৮১৪ জন শিক্ষার্থী ভর্তির বিপরীতে মোট ২ লাখ, ৬২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী আবেদন করেছে। আসনপ্রতি লড়ছে ১৪৫ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) পাঁচ শিফটে ‘ডি’ (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন শুধু মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারি) একই ইউনিটের ছেলেশিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা প্রথম চার শিফটে অনুষ্ঠিত হবে। একই দিনে পঞ্চম শিফটে আইবিএ-জেইউর (ছেলে-মেয়ে উভয় শিক্ষার্থী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুটি শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন তৃতীয় শিফট থেকে পঞ্চম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বুধবার (১২ ফেব্রুয়ারি) পাঁচ শিফটে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী ছেলেশিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছয় শিফটে ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলে-মেয়ে উভয় শিক্ষার্থী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এরপরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে। চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া কলা ও মানবিকী অনুষদের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে। কোনো প্রার্থীর দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবেন।
## ভর্তি পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের ব্যবস্থা
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম গণমাধ্যমকে বিষয়গুলো নিশ্চিত করেন।
১.২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ৬০ (ষাট) জন বি.এন.সি.সি ও ৬০ (ঘাট) জন রোভার স্কাউটস ক্যাডেট নিদ্দিষ্ট ভবনে স্ব-স্ব ইউনিফরমসহ দায়িত্ব পালন করবেন।
২. ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের আভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক ১৫০ (একশত পঞ্চাশ) জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ ফোর্স (প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের সামনে ০৫ জন করে পুলিশ সদস্য মোতায়ন সাপেক্ষে) মোতায়েনসহ অতিরিক্ত ৬০ (ষাট) জন আনসার সদস্য (প্রতিদিন প্রক্টর মহোদয়ের নিকট রিপোর্ট করা স্বাপেক্ষে) এবং ০৪ জন সুপারভাইজার/সিনিয়র গার্ড ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করার জন্য রেজিস্ট্রার মহোদয়কে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে নিম্নে উল্লেখিত গেইট ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে গাড়ী প্রবেশের পর নির্দিষ্ট স্থানে গাড়ী পার্কিং করাসহ নির্দিষ্ট গেইট ব্যবহার করে গাড়ী বাহির হওয়ার সুপারিশ করা হয় এবং এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (এষ্টেট)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি দিয়ে অবগত করানোর জন্য রেজিস্ট্রার মহোদয়কে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো_
★ ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের গাড়ী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেইট দিয়ে প্রবেশ করবে এবং বিশমাইল গেইট ও সেনওয়ালিয়া সংলগ্ন উত্তর গেইট দিয়ে বেরিয়ে যাবে।
★ বিশ্ববিদ্যালয়ের ষ্টিকারযুক্ত গাড়ী মীর মশাররফ হোসেন হলের গেট দিয়ে প্রবেশ করবে।
★ বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ মাঠ, রাঙ্গামাটি পানির ট্যাংকির মাঠ, বিশমাইল খেলার মাঠসহ জাবি স্কুল-কলেজ থেকে উত্তরদিকের সেনওয়ালিয়া পর্যন্ত অবস্থিত ফাঁকা জায়গাগুলি গাড়ী পাকিংয়ের জন্য উন্মুক্ত থাকবে।
★ প্রয়োজনীয় সংখ্যক পার্কিং ইন্ডিকেটর ও প্রতিটি গেইটে ব্যানারের ব্যবস্থা গ্রহণ করা।
★ নতুন কলা ভবনের সামনে বাঁশ দিয়ে অস্থায়ী বেড়া দেয়ার ব্যবস্থা করবে।
৪. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যলয়ের স্টীকারযুক্ত গাড়ী চলাচলের জন্য মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেইট ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রেজিস্ট্রার মহোদয়কে অনুরোধ করা হলো।
৫. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকান বরাদ্দের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বলবৎ থাকবে।
৬. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট, প্রান্তিক গেইট ও বিশমাইল গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ১০ জন ট্রাফিক পুলিশের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৭. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ন স্থান সমূহের বসানো ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো মেরামত/নতুনভাবে সংযোজন করে যথাযথভাবে চালু রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৮. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্বের হাইওয়েতে বিশমাইল গেট থেকে মীর মশাররফ হোসেন হল গেট পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন ২৪ ঘন্টা পুলিশ টহলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রেজিস্ট্রার মহোদয়কে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৯. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের গাড়ী সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে; রাত ১০ টার পর প্রকল্প সংশ্লিষ্ট গাড়ীসমূহ যথারীতি চলতে পারবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য রেজিস্ট্রার মহোদয়কে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।