প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ নভেম্বর , ২০২৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তার অনুমোদনের মধ্য দিয়ে এই সনদ বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
এই আদেশের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আসন্ন গণভোট, যেখানে জনগণ মতামত দেবেন—জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় চূড়ান্ত হওয়া সংবিধান সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে কি না।
রাষ্ট্রপতির দপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জানান, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দিয়েছে।
ভাষণের আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দুটি বিকল্প সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।
এরও আগে, ১৭ অক্টোবর ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে বিএনপি ও জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। ওইদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দলগুলোর প্রতিনিধিরা বহুল প্রত্যাশিত সনদে সই করেন।
পরে সনদে স্বাক্ষর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।