প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৬ সেপ্টেম্বর , ২০২৫
সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
ফলাফল অনুযায়ী, বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আল মৃদুল ভিপি পদে ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী রায়হান খান জিএস পদে ১ হাজার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান পেয়েছেন ৮১০ ভোট।
এছাড়া, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে সামিউল হাসান শোভন, কোষাধ্যক্ষ পদে ১ হাজার ৪৫০ ভোট পেয়ে খন্দকার আব্দুর রহিম বিজয়ী হয়েছেন।
ক্রীড়া সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ (১,৪৭৭ ভোট) এবং সহক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (১,৩০৭ ভোট)। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মারুফ (২,৩৯৪ ভোট) ও সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে লীশা চাকমা (২,১৯৫ ভোট) নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার (১,১০৮ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. জান্নাতুল ফেরদৌস (১,৮৭৬ ভোট) এবং সমাজকল্যাণ ও ক্যানটিন সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন অন্তর (১,১৪৯ ভোট) বিজয়ী হয়েছেন।
অনুষদ পর্যায়ের নির্বাচনে কৃষি অনুষদে মহিউল আলম দোলন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে মো. হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন—শাকিল আহমেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদি হাসান ও মিনতুজ আক্তার মিম। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে নির্বাচিত হয়েছেন মেহেরুন খিলজি মিতু ও মো. ইমদাদুল হক মিলন। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।
চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই গকসু নির্বাচনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৪ হাজার ৬৭২ জন, এর মধ্যে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে ৯ ঘণ্টা গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪০০ সদস্য মোতায়েন করা হয়েছিল।