প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ মার্চ , ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, শুক্রবার রাত নয়টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার ওপর থেকে বোতলটি জব্দ করা হয়।
পেট্রল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পেট্রল বোমার বোতল উদ্ধার করা হয়েছে।