প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১৮ মার্চ , ২০২৫
খিলগাঁও এলাকা থেকে যাত্রী বেশে একটি প্রাইভেটকার ছিনতাই হওয়ার অভিযোগ নিয়ে থানায় যান চালক।
অভিযোগ পেয়ে মাত্র সাত ঘণ্টার অভিযানে দুই ছিনতাইকারীসহ প্রাইভেটকারটি উদ্ধার করার কথা জানায় ডিএমপি।
ডিএমপির বার্তায় বলা হয়, মামলা রুজুর ৭ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধারসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুই পেশাদার ছিনতাইকারী হলেন- নাজমুস সালেহীন (২৮) ও মো. সুমন (২৬)। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৩টা ৪৫ মিনিটে খিলগাঁও ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের ধরে ফেলে পুলিশ।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে গ্রেপ্তার দুইজন প্রাইভেটকারটি ভাড়া করে। পথ চলার এক পর্যায়ে কৌশলে চালককে জিম্মি করে প্রাইভেটকার নিয়ে যায়। এ ঘটনায় গাড়িটির মালিক সাইফুল ইসলাম (৫২) বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন।
থানা সূত্র আরও জানায়, মামলাটি রুজুর পর ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সাত ঘন্টার মধ্যে মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৩টা ৪৫ মিনিটেখিলগাঁও থানাধীন ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নাজমুস ও সুমনকে গ্রেপ্তার করে।