হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২৭ মে , ২০২৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে লুকিয়ে রুমমেটদের ছবি তোলা, ভিডিও ধারণ করাসহ নানা অভিযোগে এক ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ মে) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।
হলের আবাসিক ছাত্রীরা জানান, ওই ছাত্রীকে তার রুমমেটরা সন্দেহ করত যে, সে ভিডিও কলের বাহানায় লুকিয়ে তাদের ছবি/ভিডিও ধারণ করে। সন্দেহের জেরে অভিযুক্তের রুমমেটরা তার ফোন চেক করলে হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের গ্যালারিতে তাদের ছবি পায়। পরবর্তীতে মেয়েরা হল সুপারসহ প্রক্টরকে জানায়। হল প্রশাসন অভিযুক্ত ছাত্রীকে হল থেকে বের করে দেয় এবং তার ফোন জব্দ করে।
মাহফুজা মিথুন নামের এক ছাত্রী ফেসবুকে লিখেন, অভিযুক্ত ছাত্রী রুমে ভিডিও কলে কথা বলার সময় রুমমেটদের দিকে ক্যামেরা তাক করে দেখাতেন, যা আমাদের সন্দেহ হলেও প্রথমে বিশ্বাস করি নাই।
তিনি আরও লেখেন, কালরাতে (২৩ মে) সেই সন্দেহ এতটাই বাড়ে যে উনার বর্তমান রুমমেটরা উনি গোসলে গেলে ফোন চেক করেন, আল্লাহর রহমত ছিল যে, উনার ফোনে লক ছিল না। হোয়াটসঅ্যাপে দেখে, প্রচুর অ্যাবিউজিং চ্যাটিং তারা খুঁজে পায়, সঙ্গে গ্যালারিতে তাদের ছবি, যেগুলো তিনি তাদের অজান্তে তুলেছিলেন।
শেখ সায়েরা খাতুন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা তার বাবার সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।