রাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের (২০২০-২১ সেশন) ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জে।
১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হলেও পারিবারিক সমস্যার কারণে স্নাতক পরীক্ষার আগ মুহূর্তে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাকে। দীর্ঘ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পর আবারও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
শাহরিয়ার মোর্শেদ বলেন, “আমি ব্যক্তিগতভাবে একজন সংগ্রামী মানুষ। এই বয়সে তরুণদের সঙ্গে নির্বাচন করছি। রাজনৈতিক দলগুলো কিভাবে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে তা কাছ থেকে দেখেছি। তাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের হয়ে কথা বলতে চাই।”
তার নির্বাচনি ইশতেহারে সেশনজট দূরীকরণকে প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন ও মূল্য নিয়ন্ত্রণ, এবং ক্যাম্পাসের রাস্তাঘাট সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।