প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৫ মে , ২০২৫
লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া; সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথরো বিমানবন্দর ছেড়েছেন তিনি।
কাতারে যাত্রাবিরতি শেষে আগামীকাল মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে খালেদার বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হন তিনি। তাকে বহনকারী গাড়িটি বেলা ২টা ২০ মিনিটের দিকে হিথরো বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়।
খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান আছেন। বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের ভিআইপি গেটে তাঁদের বিদায় জানান তারেক রহমান। এ সময় তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও ছিলেন।
খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম হিথরো বিমানবন্দরে গিয়েছিলেন।
খালেদা জিয়াকে বিদায় জানাতে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন দলটির প্রবাসী নেতাকর্মীরা।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন খালেদা জিয়া। বিখ্যাত লন্ডন ক্লিনিকে চলে তার চিকিৎসা।