ইবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৭ এপ্রিল , ২০২৫
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।এ সময় ফিলিস্তিনি জনতার মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানায় তারা।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাই’, ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘ইসরাইল ইসরাইল , সন্ত্রাসী সন্ত্রাসী’, ‘বয়কট বয়কট, ইসরাইল ইসরাইল’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “আজ ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই-বোন ও শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারছি না। আমরা আজ লজ্জিত। আজ বিশ্বের মুসলিমরা বিভিন্ন ভাগে বিভক্ত। আর এই বিভক্তির সুযোগে একের পর এক মুসলিম ভাইকে হত্যা করা হচ্ছে।”
তারা বলেন, “পুরো মুসলিম জাতি যদি এক হয়ে হুংকার দেওয়া যায়, তাহলে শুধু নেতানিয়াহু নয়; পুরো ইসলাম বিরোধী শক্তির মসনদ ভেঙে যাবে।” কর্মসূচি থেকে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানানো হয়।