রাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৬ আগস্ট , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তফসিল ঘোষণার পর থেকেই ছাত্র সংগঠনগুলো প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছে। ভিপি ও জিএস পদে জনপ্রিয় ও ক্লিন ইমেজের নেতারাই আলোচনায় এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
ইসলামী ছাত্রশিবির ইতোমধ্যে কেন্দ্র ও হল পর্যায়ে প্যানেল গঠনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ভিপি পদে রাবি শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে মুজাহিদ ফয়সাল এবং নওসাজ্জামান আলোচনায় রয়েছেন।
ছাত্রদলের পক্ষ থেকেও একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে অনেক নেতার নিয়মিত ছাত্র না হওয়ায় যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমাদের মধ্যে এখনও সন্দেহ আছে।
এদিকে, জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী সাবেক সমন্বয়কদের মধ্যে থেকে মেহেদী সজীব, সাব্বির আহম্মেদ ও আকিব বিন তালেব ভিপি পদে এবং ফাহিম রেজা, সালাউদ্দিন আম্মার, তাসিন খান প্রমুখ জিএস পদে আলোচনায় রয়েছেন।
সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাব সভাপতি মনির হোসেন মাহিন একটি অরাজনৈতিক, শিক্ষার্থী কল্যাণভিত্তিক প্যানেল দেওয়ার কথা জানান। ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, আমরা নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি শক্তিশালী প্যানেল গড়তে চাই।
বামপন্থি ছাত্রসংগঠনগুলোর মধ্যেও সম্ভাব্য প্রার্থী হিসেবে রাকিব হোসেন ও ফুয়াদ রাতুলের নাম আলোচনায় আছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের প্যানেল নিয়েও গোপনে প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৬ আগস্ট, মনোনয়ন জমা ২ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৪ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর।