রাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ৩০ আগস্ট , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো নারী শিক্ষার্থী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
রাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। এরপর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১৪টি নির্বাচনে কোনো নারী ভিপি প্রার্থী ছিলেন না, নির্বাচিতও হননি। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে এবার প্রথমবারের মতো ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন একজন নারী। এ ছাড়াও ছাত্রী হলের একাধিক শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
ফেসবুক পোস্টে তাসিন খান লেখেন, জুলাই মাসের রক্তক্ষয়ী আন্দোলনে আবাসিক হল বন্ধ করে শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দেওয়ার সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিষদে যুক্ত হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই আসন্ন রাকসু নির্বাচনকে তিনি শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন।
তিনি আরও লিখেছেন, “আমার কোনো দলীয় সাপোর্ট, ফান্ডিং বা কর্মী বাহিনী নেই। তবু সাহস করে আমি নির্বাচন করছি। প্রশাসনের কাছে বারবার সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিয়ে আশঙ্কা জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাইনি। সব ঝুঁকি মাথায় নিয়েই প্রার্থী হচ্ছি। আমি চাই, রাকসু হোক মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক বহুত্ব এবং মানবিক মূল্যবোধের চর্চার জায়গা।”
দীর্ঘদিন অচল থাকা রাকসুকে সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।