প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৮ অক্টোবর , ২০২৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (২৬ অক্টোবর) সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের পরও নিয়মিত চলবে।
বিবৃতিতে বলা হয়, “বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে—এটা সঠিক নয়। বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।”
এর আগে রোববার ডিআরইউ-তে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত ২৩টি আশু করণীয়ের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ক্যাবিনেটের সময়সূচি অনুযায়ী নভেম্বরের মধ্যে এসব নীতিগত পদক্ষেপ সম্পন্ন করার চেষ্টা চলছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, “যে প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে, সেগুলোর কিছু ক্যাবিনেটের অনুমোদন, নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন দরকার। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ক্যাবিনেট বৈঠক হয় না, তাই নভেম্বরের মধ্যেই আমরা অধিকাংশ কাজ শেষ করতে চাই।”
তবে সরকারের ব্যাখ্যায় স্পষ্ট করা হয়েছে, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত বৈঠক করবে এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।