বিশেষ প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৫ মার্চ , ২০২৫
শেখ হাসিনার স্বৈরশাসন পরবর্তী পালাবদলের এই সময়ে শান্তি, সংলাপ এবং ঐকমত্যের প্রতিষ্ঠায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারকে পূর্ণ সহায়তা দেওয়ার কথা বলেছেন সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বাংলাদেশ সফর নিয়ে শনিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, বাংলাদেশ সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে। বাংলাদেশের এই সন্ধিক্ষণে শান্তি, সংলাপ ও ঐকমত্যে সহায়তার জন্য জাতিসংঘ তৈরি আছে।
চার দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিনের এই সংবাদ সম্মেলনের শুরুতে তারা দুজন লিখিত বক্তৃতা দেন। এরপর উত্তর দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের।
আন্তোনিও গুতেরেস বলেন, এ দেশের জাতীয় অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে এসে আমি বিশেষভাবে আনন্দিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৃহত্তর পরিসরে গণতন্ত্র, ন্যায়বিচার এবং সমৃদ্ধির ভবিষ্যতের জন্য জনগণের আশাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ।
জাতিসংঘের মহাসচিব বলেন, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটি ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভূমিকা রাখতে হবে।
আন্তোনিও গুতেরেস বলেন, “বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আমি আপনাকে আশ্বস্ত করছি যে জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা এবং ঐকমত্যে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। সকলের জন্য একটি টেকসই এবং ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে আপনাদের অবিচল অংশীদার হিসেবে জাতিসংঘের ওপর নির্ভর করতে পারেন।”
গুতেরেস বলেন, “প্রতিবছর আমি সংহতি সফর করি এবং কঠিন পরিস্থিতিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সময় কাটাই। তাদের সঙ্গে রোজা পালন করি এবং তাদের দুর্দশার বিষয়টি বিশ্বব্যাপী সামনে আনতে সহায়তা করি।”
তিনি বলেন, “এ বছর আমি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আতিথ্যদানকারী বাংলাদেশিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিই।”
শনিবার ঢাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোলটেবিল বৈঠকে বসেন সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
কী আলোচনা হল রাজনৈতিক দলের বৈঠকে
এর আগে সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোলটেবিল বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। বৈঠকে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
অন্য দলগুলো হল- জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, “জাতিসংঘের উদ্যোগে একটা গোলটেবিল বৈঠক আহ্বান করা হয়েছিল। এখানে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ছিলেন। সংস্কার কমিশনের প্রধানরা ছিলেন।
“মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো, যেগুলো নিয়ে কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্যাখ্যা দিয়েছেন। আমরা আমাদের আগের বক্তব্যই তুলে ধরেছি।”
রাজনৈতিক দলগুলোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব বক্তব্য কী ছিল জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “উনি এই ব্যাপারে কোনো কমেন্ট করেননি।”
গোলটেবিল বৈঠকে সংস্কারের বিষয়ে কোনো সময়সীমার কথা আপনারা বলেছেন কি না, এ প্রশ্নে তিনি বলেন, “ওখানে টাইম ফ্রেম নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। কারণ এটা তো আমাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার।”
বৈঠকের পর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি।
“জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্তের কাজে আমাদের সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে একটি ঐকমত্য পোষণ করতে হবে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে।
“জনগণের কাছে আমাদের সংস্কারের যে কমিটমেন্ট, সংস্কারের যে ধারাবাহিকতা, সেটা বাস্তবায়নের জন্য জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের কথা বলেছি।”
তিনি বলেন, “৫ অগাস্ট পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র যে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটাই আলোকপাত করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধানরা তাদের স্ব স্ব সংস্কার রিপোর্টের সারসংক্ষেপ তুলে ধরেছিলেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের দলীয় অবস্থান সংস্কার বিষয়ে তুলে ধরেছেন।
“জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমাদের সংস্কার বিষয়ে যে অবস্থান, আমরা মনে করি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে, বিচার ও সংস্কার জনগণের কাছে তাদের অন্যতম কমিটমেন্ট।”