প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৪ মে , ২০২৫
প্রধান উপদেষ্টা মুহুাম্মদ ইউনূসের বাসভবন ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থীর আন্দোলনে মীমাংশায় গিয়ে আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার রাত ১০টার দিকে কাকরাইল জামে মসজিদের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন মাহফুজ। এসময় আড়াল থেকে উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারে এক অজ্ঞাত। এতে মাহফুজ কিছুটা আঘাত পান।
পরে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “আজকে থেকে ‘চল চল যমুনা যাই’- এই রাজনীতি আর হতে দিব না। যথেষ্ট হয়েছে। এসব মুভমেন্ট আর হতে দিব না। শিক্ষার্থীদের ভিতর যারা আজ এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। যারা স্যাবোটাজের অভিপ্রায়ে এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদের বর্জন করা। তাদেরকে চিহৃ করতে হবে। শাস্তির আওতায় আনতে হবে।”
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, বাজেট বরাদ্দ বৃদ্ধিসহ আরও কিছু দাবি নিয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলনে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন তারা প্রধান উপদেষ্টার বাস ভবন ঘেরাওয়ে আসেন। দুপুরে পুলিশের গুলি, টিয়ারশেল ও জলকামানে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। রাতে পাঁচটি বাস ভর্তি হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকদল ছাত্রছাত্রী আন্দোলনে যোগ দেয়।
উপদেষ্টা বলেন, আমি এখানে আসার পর যা হয়েছে, তার জন্য বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী দোষীকে বের করবে। একটি অংশ রয়েছে আন্দোলনে, যাদেরকে আমি স্যাবোট্যুর মনে করি। যারা স্যাবোটাজ (নাশকতা) করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে। আমি তাদের নাম আজ আর উল্লেখ করব না।”