প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৭ মার্চ , ২০২৫
বৈষমবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৫ জুলাই গভীর রাতে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, গুলি ছোঁড়ে পুলিশ। ছবি- সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশি হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত ১২ জন শিক্ষককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে রাত ১টার দিকে সভা শেষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এসব তথ্য জানান।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সহযোগী অধ্যাপক ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ইস্রাফিল আহমেদের নাম নিশ্চিত হওয়া গেছে।
সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম অবসরে চলে যাওয়ায় তার পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। অবসরে যাওয়ায় সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধাও বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক তদন্তে আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য-প্রমাণ সংগ্রহ করতে অনুষদভিত্তিক ছয়টি স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের কয়েকজন সদস্যর নামে থাকা স্থাপনার নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করা হবে বলে জানা গেছে।