কুবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ১৮ জুলাই , ২০২৫
র্যাগিংয়ের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং ও নৃবিজ্ঞান বিভাগের ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তাদের হলে অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে মার্কেটিং বিভাগের ৭ জন এবং নৃবিজ্ঞান বিভাগের ৫ জন। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকের মুচলেকার মাধ্যমে ক্লাসে ফিরতে হবে।”
প্রসঙ্গত, গত ২ জুলাই মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের ঊর্ধ্বতন ব্যাচের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ করেন। ৬ জুলাই একই অভিযোগ করেন নৃবিজ্ঞান বিভাগের নতুন শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির কাছে অভিযোগ জমা পড়ার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।