জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ ফেব্রুয়ারি , ২০২৫
সিলেটের মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) ফেইসবুকে কমেন্টসের জেরে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন হয়।
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ মানববন্ধন সঞ্চালনা করেন।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ফরহাদ ইসলাম বলেন, ‘স্বাধীনতা বিরোধী একটি সংগঠন দেশে আবার অপরাজনীতি শুরু করেছে। তারা দেশের বিভিন্ন জায়গায় হামলা করছে। তারা মুক্তমনা, ব্লগার অনেককে হত্যা করেছে। তারা হামলার সময় ধর্মীয় পরিচয় দেখে না। তারা তাদের মতের বিরুদ্ধে গেলেই হামলা চালায়।
“ক্যাম্পাসগুলোতে তারা এক ধরনের অস্ত্রের রাজনীতি কায়েম করতে চায়। ক্যাম্পাসগুলো থেকে তাদের অপরাজনীতি বন্ধ করতে হবে।”
এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া বলেন, আমরা দেখতে পাচ্ছি ছাত্রশিবির নামক একটি সংগঠন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা বিকল্প কিংবা বিপরীত মতের মানুষকে দমন করবার চেষ্টা করেছে। তারা মুখে মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, যতই সংবেদনশীলতার কথা বলুক কিন্তু কাজে সেটা প্রমাণ করতে পারেনি। তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এখন তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার চাচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থান স্বাধীনতা বিরোধীদের চেতনায় হয়নি। প্রত্যকটি ক্যাম্পাসে কেউ যাতে সন্ত্রাসের রাজনীতি করতে না পারে সেই দাবি জানাচ্ছি।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা আশায় বুক বেধে ছিলাম আমাদের দেশে শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে। কিন্তু দেশে আবার পূর্বের রূপে সন্ত্রাসী ছাত্র রাজনীতি ফিরে এসেছে। সিলেট এমসি কলেজে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দ জানাচ্ছি। ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে যে দলগুলো বাধা দিচ্ছে তাদের পরিনতি ছাত্রলীগের মতোই হবে। আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি ক্যাম্পাসগুলোতে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে সুস্থ ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে।”