আকাশ আল মামুন, কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে যারা পরিবার থেকে দূরে ঈদ করছেন, তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার ঈদুল ফিতরের দিন ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেছেন, “ছাত্রশিবির তার জন্মলগ্ন থেকেই এদেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। ছাত্রদেরকে ইসলাম সুমহান আদর্শে উজ্জীবিত করা আমাদের বুনিয়াদি লক্ষ্য।
“বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিধানে নিয়োজিত ভাইদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি তারই একটি অংশ মাত্র। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, "পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিনে যখন সবাই পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করছে, তখনও আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও প্রহরীরা অক্লান্তভাবে দায়িত্ব পালন করছেন। তাদের এই নিষ্ঠা ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু করার চেষ্টা করেছি।”