চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৭ মে , ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম জয়ন্তী উদযাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি মঞ্চ বিশ্ববিদ্যালয়ের আব্দুল করিব ভবনে নজরুল জয়ন্তী উৎসব শুরু হয়।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে কবিতা, গান, উপন্যাসে তুলে ধরতে হবে। ইতিহাস অবিকৃত রেখে গান রচনা করতে হবে। কেননা তা না করলে ইতিহাস বিকৃত হতে থাকবে। কয়েকবছর পরে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম জিজ্ঞেস করবে আয়নাঘর কী? এমন প্রশ্নের সম্মুখীন হতে না চাইলে ইতিহাস ঐতিহ্যের চর্চার মাধ্যমে প্রকৃত সত্যকে তুলে ধরতে হবে। আপনাদের কবিতা, গান, উপন্যাসের মাধ্যমে প্রকৃত ইতিহাস সবার কাছে তুলে ধরতে হবে।
তিনি বলেন, নজরুল বাঙালি চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বৃটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ জুলাই আন্দোলনে এর প্রতিফলন দেখা গেছে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হলেও তার গান ও কবিতা খুব কমই অনূদিত হয়েছে।”
চবি আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা মাছুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী।
আবৃত্তি মঞ্চের সভাপতি তাসলিম হাসান বলেন, এই আয়োজন শুধু একটি দিনকে ঘিরে নয় বরং নজরুলের আদর্শকে হৃদয়ে ধারণ করে প্রতিদিনের জীবনে তার চেতনা বাস্তবায়নের এক প্রচেষ্টা।