প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১১ জানুয়ারী , ২০২৫
চট্টগ্রামের জামালখানে ষষ্ঠবারের মতো আয়োজন করা হলো বই বিনিময় উৎসবের যেখানে ২২ হাজারের বেশি বই বিনিময় হয়েছে বলে আয়োজকদের দাবি।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘ফেইলড ক্যামরা স্টোরিজ’ নামের একটি সংগঠন ‘বই নয় জ্ঞানের বিনিময়’ স্লোগানে এই উৎসবটির আয়োজন করে।
জুলাই গণ-অভুত্থানের শহীদদের স্মৃতিতে এবারের উৎসব উৎসর্গ করা হয়। নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাত ও বিপরীত পাশের ফুটপাতে হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানের আয়োজনেও ছিল অভ্যুত্থানের আবেগ ও অনুভূতি। জুলাইয়ের শহীদদের নামেই বিভিন্ন স্টল ও কর্নারের নামকরণ করেন আয়োজকরা।
উৎসবের উদ্বোধনকালে দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক।
শিশুতোষ ও ম্যাগাজিন, রাজনীতি, আত্মজীবনী ও ইতিহাস, একাডেমিক, সমগ্র, কথা সাহিত্য, ক্যারিয়ার ও বিজ্ঞান, হুমায়ুন আহমেদ, কবিতা, প্রবন্ধ এবং অন্যান্য ধর্মতত্ত্ব ও দর্শনের বিভিন্ন ধরনের বই বিনিময় হয় সেখানে।
উৎসবে বই বিনিময় করতে আসা শিক্ষার্থী মো. ইব্রাহিম বলেন, “আমি সাতটি বই নিয়ে এসেছি। সেগুলো আমার পড়া হয়ে গেছে। এখন বইগুলো জমা দিয়ে কার্ড নিয়েছি। এবার পছন্দের বই খুঁজে নিচ্ছি।”
আরেক শিক্ষার্থী সামান্থা ইসলাম বলেন, “বই বিনিময়ের সুযোগটা ভালো। এখানে ভালো ভালো বই পেয়েছি। তিনটি বই বিনিময় করেছি।”
আয়োজকদের একজনসাঈদ খান সাগর বলেন, “বই বিনিময় উৎসবের ষষ্ঠবারের এই আয়োজন আমরা উৎসর্গ করেছি মহান জুলাই অভুত্থ্যানের শহীদদের প্রতি। সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের হিসেবে ২২ হাজার ৮৭টি বই বিনিময়ে হয়েছে।”