জবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ২১ এপ্রিল , ২০২৫
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের একাংশ। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে মশাল মিছিল হয়।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে মিছিলটি শুরু হয়। বাহাদুর শাহ উদ্যান প্রদক্ষিণ করে ক্যাম্পাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রদল নেতা সুমন সরদার বলেন, “আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্যবিরোধীর ব্যানারে রাজনীতি করেন।”
আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে শাস্তির আওতায় আনার আলটিমেটাম দেন এই নেতা।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, “যদি এর বিচার করতে না পারেন, তাহলে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি। আপনি পদক্ষেপ নিতে না পারলে আপনাকেও চেয়ার থেকে নেমে যেতে হবে।”
এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। ছাত্রদলের দাবি, হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে।