ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫
এক যুগ আগে গুমের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর আল মুকাদ্দিছ ও মো. ওলিউল্লাহ’র সন্ধান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়। এসময় তারা সরকার ও প্রশাসনের কছে গুম হওয়া শিক্ষার্থীদের দ্রুত উদ্ধারের জোর দাবি জানান।
আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দিছ ও দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ওলিউল্লাহ’কে ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়া ফেরার পথে বাস থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নামিয়ে নেওয়া হয় বলে স্বজনকের অভিযোগ। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
গুমের শিকার দুজনই ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক কারণেই তাদের গুম করা হয়ে থাকতে পারে বলে উদ্বিগ্ন স্বজনদের ভাষ্য।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী শাসনামলে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাসকে গুম করা হয়। দীর্ঘ ১২ বছর বিগত সরকার তাদেরকে ফিরিয়ে দেয়নি। সরকার পতনের পর গুম হওয়া অনেকে ফিরে এলেও ইবির এই দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি।
অন্তর্বর্তী সরকারের কাছে তাদের ফিরিয়ে দিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি বলেন, “আমাদের দুই ভাই কী কারণে এবং কোথায় গুম করা হয়েছে সব কিছু উদঘাটন করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের অধীনে যারা গুম হয়েছে তাদের ব্যাপারে বর্তমান সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”