ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৩ ফেব্রুয়ারি , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমানে উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
রবিবার (০২ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ মিমাংসা করতে গেলে মিমাংসা শেষে দুই গ্রুপের মধ্যে পুনরায় উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার জের ধরে দুই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং আল-হাদিস বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের উপর চড়াও হলে তারা দুজনেই আহত হন।