চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৫ ফেব্রুয়ারি , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৫০০ শিক্ষার্থীর মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ‘আল কুরআন একাডেমি লন্ডন’ এর সৌজন্যে এ কর্মসূচি বাস্তবায়ন করে তারা।
আল কুরআন একাডেমি লন্ডন'র চেয়ারম্যান হাফেজ মুনির উদ্দিন আহমদ বলেন, কুরআনের সাথে যারাই সম্পৃক্ত ছিল তারাই শ্রেষ্ঠ হয়েছে। আগামীদিনে এ জাতির পরিবর্তনের জন্য তোমাদের হাতে একটি সরঞ্জাম প্রয়োজন, সেই সরঞ্জামের নাম কুরআন। এ কুরআনকে তোমাদের হাতে দিয়ে তোমাদের উপর একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি। এ কুরআন দিয়ে তোমরা এদেশের ভাগ্য পরিবর্তন করবে।
চবি উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আপনারা কোরআন ঘরে সাজিয়ে না রেখে কুরআন পড়ুন, এর মর্ম ছড়িয়ে দিন। এতে করে নৈতিকতা উন্নত হবে, ফলে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না।
অনুষ্ঠানে মিনারের সদস্য মাসউদুর রহমান ফাহাদের সঞ্চালনায় মিনারের প্রধান উপদেষ্টা অধ্যাপক আ ক ম আব্দুল কাদেরের সভাপতিত্বে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দীন, মিনারের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ ড.সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আহমদ আলী, কবি কর্নেল (অব.) আশরাফ আল দীন, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ডিরেক্টর মাওলানা নুরুল আমিন মাহদী, চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।