কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২০ এপ্রিল , ২০২৫
ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে ফ্রি বাইক সার্ভিস ও তথ্য কেন্দ্র চালু করেছে।
শনিবার (১৯ এপ্রিল) কুবি ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ফ্রি বাইক সার্ভিস চালু করেন শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী।
তিনি জানান, ‘বিভিন্ন দূরবর্তী জেলার শিক্ষার্থীরা রেলে আসার কারণে সাধারণ গভীর রাতে তারা কুমিল্লায় পৌঁছান। এরপর যাতায়াত নিয়ে তারা ভোগান্তিতে পড়ে যান। ভালো যাতায়াত ব্যাবস্থা না থাকার ফলে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে না। সেজন্য শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারে এ লক্ষ্যেই আমরা ফ্রি বাইক সার্ভিসের ব্যবস্থা করেছি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও সময়মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে আমরা ‘ফ্রি বাইক সার্ভিস’ এবং ‘সেবা ও তথ্য কেন্দ্রের’ উদ্যোগ গ্রহণ করেছি।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ভর্তিচ্ছুদের সহায়তার জন্য রাতে ফ্রি বাস সার্ভিস এবং শহীদ ওয়াসিম, শহীদ আবু সাঈদ ও শহীদ আব্দুল কাইয়ুমের নামে 'সেবা ও তথ্য কেন্দ্রের' ব্যাবস্থা করেছিলেন।