ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে কর্মরত নিরাপত্তা কর্মীদের মাঝে সাহরি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতা-কর্মী।
বুধবার (১৯ মার্চ) ভোররাতে তারা এ কর্মসূচি পালন করে। এসময় ক্যাম্পাসের আবাসিক হল, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও বিভিন্ন ফটকে দায়িত্বরত প্রায় ৩০ জন নিরাপত্তা কর্মীদের মাঝে সাহরি উপহার প্রদান করে সংগঠনটি।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নির্দেশনায় সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রাকিব হাসান সাক্ষর, সাইফুল্লাহ আল মামুন ও শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিরাপত্তায় দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, “বিভিন্ন সময়ে আমাদের কাছে বিভিন্ন ছাত্রসংগঠন আসে। এর আগেও ছাত্রদলের এক ভাই আমাদের মাঝে ইফতারি দিয়েছে। এছাড়া সংগঠনগুলো অন্যান্য হেল্প করে আমাদের। তবে এই প্রথম কেউ সেহরি নিয়ে এসেছে আমাদের কাছে। আমার কাছে ভালো লাগছে।”
সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ বলেন, “ছাত্রদল সবসময় ইতিবাচক কাজের মাধ্যমে ক্যাম্পাসের প্রতিটি মানুষের কাছে পৌঁছতে চায়। আমরা চাই ইবি ছাত্রদল সবসময় ভালো কাজের শিরোনাম হোক। কোনো অন্যায় ও খারাপ কাজের সাথে জড়িত হয়ে আমরা খবরের শিরোনাম হতে চাই না।”