ইবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২৪ জুন , ২০২৫
গুচ্ছ ভর্তিতে শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাসহ দুই দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।
সোমবার (২৩ জুন) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কাছে এ স্মারকলিপি দেয় সংগঠনটির নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস হোসেন, সাক্ষর, অনিক, রিয়াজ, বাপ্পি, হাফিজ ও রশিদ প্রমুখ।
দুই দফা দাবি হলো
এক. বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সনদপত্র, নম্বরপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনে ভোগান্তি দূরীকরণ, দ্রুত সময়ের মধ্যে একাডেমিক শাখায় শিক্ষার্থীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিত করা, একাডেমিক শাখায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
দু্ই. দ্রুত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুল থেকে ব্যবহৃত ফিটনেসবিহীন গাড়ি বাতিল করতে হবে।
দাবির বিষয়ে উপাচার্য বলেন, “আমরা এই দাবিগুলোর সাথে একমত। ক্যাম্পাস পরিষ্কারের জন্য আমি সংশ্লিষ্টদের বলেছি। ইতোমধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। ক্রমান্বয়ে আমরা ক্যাম্পাসের সকল রাস্তা সংস্কার করবো। এছাড়াও পরিবহনের বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”