ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ ফেব্রুয়ারি , ২০২৫
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও সাজা নিশ্চিতেট দাবিতে উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যলয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের চিহ্নিত করে সাজা নিশ্চিতের দাবি জানায় ছাত্রদল।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সংগঠনটি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অপরাধীদের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা তৈরিতে ছাত্রদলসহ অন্যান্য সংগঠনগুলোর সাহায্য দরকার।
"বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১৬ বছরে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়েছে তাদের বিচার নিশ্চিতে কমিটি গঠন করার জন্য ইউজিসি কাছে অনুমতি চেয়ে আবেদন করছে। আশা করছি আমরা অতিশীঘ্রই এ কাজ সম্পন্ন করতে পারবো," বলেন ভিসি।