জবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২২ জুন , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু দেশের মধ্য নয়, সারা বিশ্বে গণতন্ত্র ও সহাবস্থানের মডেল হবে বলে মন্তব্য করেছেন জামায়েত ইসলামির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষ্যে শুক্রবার (২০ জুন) ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে গেইট দিয়ে ঢুকতে গেলে, অন্যান্য দলের ছাত্রনেতারা ক্লাস-পরীক্ষায় অংশ নিতে গেলে ছাত্রলীগ নামক কলঙ্কের কাছে হামলার শিকার হতো, অনুমতি নিতে হতো। কিন্তু আজ সেই একই বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রবেশ করেছি, একই মঞ্চে বক্তব্য দিয়েছি, শিবির-ছাত্রদল ও অন্যান্য ছাত্র সংগঠন একই মঞ্চে আছে, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য রোল মডেল, যারা এই পরিবেশ তৈরি করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ”
সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.রইছ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
আমন্ত্রিত আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজামুল হক নাঈম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।