প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ মার্চ , ২০২৫
সাম্প্রতিক সময়ে সারা দেশে চলমান নারী ও শিশুর ধারাবাহিক ধর্ষণ ও বর্বরোচিত সহিংসতা বন্ধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
দেশজুড়ে চলমান নারী ও শিশু নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদে রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে টিআইবি আয়োজিত মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। সারাদেশে ৪৫টি অঞ্চলে এধরনের মানববন্ধন হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন ও ধর্ষণের এই কলঙ্কজনক চিত্র দেখে আমরা ক্ষুব্ধ ব্যথিত। আমরা এই ভয়াবহতার প্রতিকার চাই। বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরে যে “নতুন বাংলাদেশ”-এর সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও প্রতি পদে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে।
ঢাকায় মানববন্ধনে ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে টিআইবির ধারণাপত্র পাঠ করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিট্যান্ট কোঅর্ডিনেটর সাইমুম মৌসুমী বৃষ্টি।
মানুষের জন্য ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নারীপক্ষ এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানান।