ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: সোমবার , ১০ মার্চ , ২০২৫
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
আজ সোমবার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে অন্তবর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অভ্যুত্থানের প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও অন্তবর্তী সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা অব্যাহতভাবে বেড়ে চলছে।
এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়নের ঘটনায় আটককৃত অভিযুক্তকে ছাড়িয়ে নিতে শাহবাগ থানায় ‘মব’ তৈরী করা হলেও অন্তবর্তী সরকারের দায়িত্বশীল ভূমিকা আমরা দেখিনি। এমনকি বাদীর ব্যক্তিগত তথ্য নিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভীতির পরিবেশ তৈরী করা হয়েছে। এমনকি নিপীড়নের অভিযোগ স্বীকার করার পরেও নিপিীড়ক অর্ণবকে জামিনে মুক্ত করে দেয়া হয়েছে। যারা থানায় ‘মব’ তেরী করেছেন তাদের বিরুদ্ধেও কোন ব্যবস্থা নিতে আমরা অন্তবর্তী সরকারকে দেখিনি।
সরকারের ক্রমাগত দায়িত্বহীনতা সারাদেশে নারীর প্রতি নিপীড়নকে উস্কে দিয়েছে এর মধ্যেই মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা সারাদেশের মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ও নারীদের জন্য ভীতির পরিবেশ তৈরী করেছে। যার প্রকাশ আমরা সারাদেশে দেখছি। ধর্ষকদের বিচার ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জনগণের সর্বজনীন দাবিতে পরিণত হয়েছে।
বাংলাদেশের জনগণ মনে করে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। জনগণ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। গত ৬ মাসে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলা, বিক্ষুদ্ধ ছাত্র-জনতার উপর হামলা, মাজারে হামলা, ছিনতাই-রাহাজানির বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় জনগণের তার উপর আস্থা নাই।
তাই আমরা অবিলম্বে অন্তবর্তী সরকারের কাছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি এবং একইসাথে সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দাবি জানাচ্ছি।”