প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ ফেব্রুয়ারি , ২০২৫
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৪তম ব্যাচের সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে এক জরুরি বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা চাই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধ হোক। সেবা গ্রহীতারা নির্বিঘ্নে যেন সেবা গ্রহণ করতে পারেন সেই আলোকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। একইসঙ্গে আমরা এই কমিটি গঠনের মাধ্যমে ব্যাচমেটদের সুরক্ষা এবং কল্যাণের দিকেও নজর রাখব।
নবনির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবেন বলেও অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।