শাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২০ মে , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৯তম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর এবং ২০তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে অনুষ্ঠানের শুরুতে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শাবি প্রেসক্লাব নির্বাচন- ২০২৫ এর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
পরে ১৯তম কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত ও সাধারণ সম্পাদক হাসান নাঈম নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় দেশসহ দেশের বাইরে প্রচারে শাবি প্রেসক্লাবের ভূমিকা অনস্বীকার্য। এই ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখার আহ্রেবান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল হোসেন শিকদার প্রমুখ।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, “একজন সাংবাদিক শুধু সংবাদ পরিবেশন করেন না, তিনি সমাজের নানান অসংগতি তুলেও ধরেন। ন্যায়-অন্যায়ের মাঝে পার্থক্য স্পষ্ট করেন এবং গণমত তৈরি করেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিকরাও এই একই দায়িত্ব পালন করে চলেছেন।”
অভিষেক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ, সিলেটের বিভিন্ন পত্রিকার সাংবাদিকৃবন্দ এবং শাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।