জবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ১১ জুলাই , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) দুই নেতার ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে মাহমুদুলের সাংগঠনিক পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে ‘শৃঙ্খলা ভঙ্গের’ কথা বলা হয়েছে। যদিও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট কারণ সেখানে বলা হয়নি।
তবে এদিন বিকেলে বাগছাসের তিন নেতা এবং একজন সহকারী প্রক্টরকে মারধরের অভিযোগ উঠেছিল ছাত্রদলের যাদের বিরুদ্ধে, মাহমুদুল হাসান তাদের একজন।