ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৭ মার্চ , ২০২৫
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (১৬ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই কর্মসূচি করেন তারা। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' পরিচালিত স্কুলের ৩০ জন শিশু শিক্ষার্থীকে আমন্ত্রণ জানান হয়েছিল।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. রাসিদুজ্জামান ও সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ ও 'কাম ফর রোড চাইল্ড'র ইবি শাখার সভাপতি শহিদ কাওসারসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
অধ্যাপক রাসিদুজ্জামান বলেন, “বিভাগের শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছেন যা খুবই উৎসাহব্যঞ্জক। সেই সঙ্গে তারা ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। ইফতার মুসলিমদের অন্যতম সংস্কৃতি ও আনন্দের বিষয়। এই আনন্দ আমরা এই সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিয়েছি। সেই সঙ্গে তাদেরকে কিছু যৎসামান্য উপহারও দেওয়া হয়েছে।”