কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ মার্চ , ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারি বাহিনীর হাতে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ূমের পরিবারের সঙ্গে ঈদ উপহার সাক্ষাৎ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবির নেতারা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় কাইয়ূমের পরিবারের সাথে মতবিনিময় করেন তারা। পরে কাইয়ূমের কবর জেয়ারত করে শাখা শিবির নেতারা।
এসময় কুবি শিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী; সেক্রেটারি হাফেজ মাজহারুল ইসলামসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
নিহত আব্দুল কাইয়ূমের মা বলেন, 'আমার ছেলে একজন পরহেজগার আল্লাহর খাঁটি বান্দা, সে নিয়মিত তাবলীগ জামাতে সময় দিতো, এলাকার সবাই তাকে আমির সাহেব ডাকতো। এলাকার কোন মানুষকে সে কখনো কষ্ট দেয়নি।"
এসময় আব্দুল কাইয়ূমের কোনো ধরনের ভাষ্কর্য নির্মাণ না করার অনুরোধ করেন তার মাতা।
কুবি শিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, "শহীদেরা আমাদের সম্পদ, প্রেরণার উৎস। শহীদ আব্দুল কাইয়ুম জীবন দিয়ে সারা বাংলাদেশের কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। ২০২৪ এর জুলাই বিপ্লবের প্রতিটি দিনে আমরা একসাথে সাহসিকতার সাথে লড়াই করেছি। অন্যায়ের বিরুদ্ধে তাকে সব সময় আপোষহীন পেয়েছি।"
পরিবারের সাথে কুশল বিনিময় শেষে, আব্দুল কাইয়ূমের পিতাসহ শিবির নেতারা তার কবর জেয়ারত করেন। পরে নিহতের পরিবারের সাথে ইফতার করেন তারা। শেষে শিবিরের পক্ষ থেকে শহীদের মা-বাবার জন্য ঈদের কিছু উপহার এবং নগদ অর্থ হস্তান্তর করেন নেতারা।