জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক ছাত্রলীগ কর্মী নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন বলে স্বীকার করেছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।
আটক হওয়ার পর এ ছাত্রলীগ কর্মী বলেন, “আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি।”
ঘটনার সময় উপস্থিত থাকা জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান খান বলেন, আজকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে জয় বাংলা লেখার সময় আমরা কয়েকজন একজনকে আটক করেছি। আটক পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আফনান ফরহাদ বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে।”