শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ মার্চ , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’ ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত ৭০ জন মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফুড কোর্ট সংলগ্ন এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে অতিথি হিসাবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সঞ্চালনের উপদেষ্টা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম।
সঞ্চালনের সভাপতি মো. নাদিমুল বলেন, “আমরা সুবিধাবঞ্চিত ৭০ জন মানুষের মধ্যে নতুন পোশাক হিসেবে পাঞ্জাবী, শাড়ি, লুঙ্গি এবং শার্ট বিতরণ করেছি। এটি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি মানবিক দায়িত্ব পালনের একটি ক্ষুদ্র প্রয়াস।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সঞ্চালনের এই মহতী উদ্যোগ কেবল মানবিক সহায়তা নয় বরং শিক্ষার্থীদের মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণমূলক কর্মকাণ্ডের পরিধি আরও সম্প্রসারিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে এই কার্যক্রমের পরিসর বৃদ্ধিতে সর্বদা সহযোগিতা প্রদান করবে।"