ছাত্রশিবির শুধু একটি রাজনৈতিক সংগঠনই নয়, এটি একটি স্বতন্ত্রধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে রাজনীতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেওয়া হয় বলে মন্তব্য করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। এখানে তারা ইসলামি নৈতিকতার শিক্ষা লাভ করতে পারে।
মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে শাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সংগঠন 'মিনার'এর ২০ দিনব্যাপী গণ-ইফতার ও দারসুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির অতিমাত্রায় রাজনীতি পছন্দ করে না। রাজনীতির বাহিরে ছাত্রশিবির শিক্ষার্থীদের দক্ষ করতে, নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে কাজ করে।
তিনি আরও বলেন, ব্যক্তিজীবনের ব্যস্ততা নয় যৌবনে আধাত্মিক ইবাদতের প্রয়োজন। আমাদের যৌবন বয়সে কুরআন নিয়ে রিসার্চ করতে হবে। ইসলামি ছাত্রশিবির নিজ তাড়না থেকে দাওয়াতী কাজ করে।
সংগঠন বিভিন্ন ক্যাম্পাসে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ইফতার মাহফিলের আয়োজন করছে, এটা আমাদের নিয়মিত কাজ। এর জন্য শাখাগুলোকে কেন্দ্র থেকে কোনো পুরষ্কার দেওয়া হয় না। বরং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য এসব দাওয়াতি কাজ করি।
গণ-ইফতার সম্পর্কে জানতে চাইলে মিনারের আহ্বায়ক হাবিবুল্লাহ খালেদ বলেন, আমরা দৈনিক দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থীকে নিয়ে ইফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকে আমরা তিন হাজার শিক্ষার্থীর ইফতারের ব্যবস্থা করেছি।
ইফতার মাহফিলে দারস পেশ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।