প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৯ জানুয়ারী , ২০২৫
জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তুতির সময় হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
নারীদের ফুটবল খেলার অধিকার এবং সাংস্কৃতিক চর্চাকে বাধাগ্রস্ত করার চেষ্টাকে ‘বাংলাদেশের চেতনার পরিপন্থি’ ও ‘অগ্রহণযোগ্য’ বলেছে সংগঠনটি। এ ঘটনায় দোষীদের ‘দ্রুত’ চিহ্নিত করে ‘আইনানুগ ব্যবস্থা’ নিতে কমিটির পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার রাতে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “গত ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তুতির সময় উগ্রপন্থি গোষ্ঠীর নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে খেলা পণ্ড হয়ে যায় এবং লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
“এ ধরনের নারী বিদ্বেষী কার্যকলাপ চরম নিন্দনীয় এবং সামগ্রিক শান্তি ও অগ্রগতির পরিপন্থি।”
ওই হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক কমিটি এর ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছে।
নারী ফুটবলাররা যখন আন্তর্জাতিক অঙ্গনে উত্তরোত্তর সাফল্য অর্জন করছে, সাম্প্রতিক সময়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছে, এমন সময়ে এই হামলা ‘নারীদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার প্রয়াস’ বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি।
তাদের বিবৃতিতে বলা হয়, “এমন ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণার রসদ জোগাবে।”
খেলাধুলা, সুস্থ সাংস্কৃতিক চর্চা নাগরিকদের মনোজগতের বিকাশ ও মানবিক গুণাবলীর বিকাশে সহায়ক ভূমিকা পালন করে মন্তব্য করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিকদের প্রতি এমন ‘অপতৎপরতার’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
বিবৃতিতে বলা হয়, “নারীদের বিপুল অংশগ্রহণ ও নেতৃত্বে জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে সমাজের সব ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিতে জাতীয় নাগরিক কমিটি বদ্ধপরিকর।”