প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১০ ফেব্রুয়ারি , ২০২৫
দেশে তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনার মধ্যে ৩০টি দেশের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ৭৫ সদস্যের একটি কেন্দ্রিয় কমিটি ঘোষণা করেছে গণঅভ্যুত্থানের নেতাদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি।
রোববার রাতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক এক সংবাদ সম্মেলনে কেন্দ্রিয় প্রবাসী কমিটি ঘোষণা করেন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রিয় সদস্য মো: ফারহাদ আলম ভুঁইয়া, তাওহিদ তানজিম, আজাহার উদ্দিন অনিক, মনিরা শারমিন, অরণি সেমন্তি খান, এস এম সাইফ মোস্তাফিজ, এস এম সুজা, এহতেশাম হক বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিদের সংগঠিত করেছেন। তাদের নেতৃত্ব দিয়েছেন ডা. তাসনিম জারা ও মোহাম্মদ আতাউল্লাহ।
তাসনিম জারা বলেন, “আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি, পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। এদের সবার সঙ্কল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি।”
জাতীয় নাগরিক কমিটির যুগ্ন আহ্বায়ক মনিরা শারমিন বলেন, "অভ্যুত্থানের সময় আমরা যখন শাটডাউন দিয়েছিলাম, তখন "রেমিট্যান্স শাটডাউন" দিয়ে আমাদের সাথে ছিলেন আমাদের প্রবাসী ভাইবোনেরা। যখন খুনি হাসিনা আমাদের বিকল্প কে প্রশ্নে আটকে দিয়েছিলো, তখন আমাদের “রিভার্স ব্রেইন ড্রেইন” ক্যাম্পেইনের মাধ্যমে দেশ পুনর্গঠনের প্রতিজ্ঞা নিয়েছিল আমাদের প্রবাসী ভাইবোনেরা, যা আমাদের আন্দোলনে শক্তি যুগিয়েছিল। আমরা চাই, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের দেড় কোটি প্রবাসীকে অন্তর্ভুক্ত করতে জাতীয় নাগরিক কমিটির ডায়াস্পোরা কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।"
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, "জাতীয় নাগরিক কমিটি দেড় কোটি প্রবাসীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে প্রবাসী ভাইবোনদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহবান জানাই।"