জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি , ২০২৫
‘সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা’ স্লোগানকে সামনে রেখে ‘গ্রামীণ স্কুল’ নামের একটি ভার্চুয়াল কোচিং প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসিতে জাবি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন প্রতিষ্ঠানটির বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামের নিম্নবিত্ত শিক্ষার্থী থেকে শুরু করে শহরের উচ্চবিত্ত শিক্ষার্থী, সবার জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করাই গ্রামীণ স্কুলের লক্ষ্য। প্ল্যাটফর্মটি এসএসএল কমার্স কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ের রেকর্ডেড ও লাইভ ক্লাস, ফ্রি দ্বীন শিক্ষা, গাইডলাইনসহ মানসম্মত শিক্ষার ব্যবস্থা করেছে।
গ্রামীণ স্কুলের সিইও মো. আসাদ বেপারী বলেন, “অর্থনৈতিক সীমাবদ্ধতা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত করতে পারে না। তাই আমরা শিক্ষাকে একটি মানবিক সেবা হিসেবে পৌঁছে দিতে চাই।”
প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের বিদেশে স্কলারশিপ, মেডিকেল-ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতির কোর্স রয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা মেন্টর হিসেবে যুক্ত থাকবেন। গ্রামীণ স্কুলের অনলাইন ক্লাসকে আরও আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ করতে ব্যবহার করা হয়েছে স্মার্ট বোর্ড, ফোরকে ভিডিও লেকচার, অ্যানিমেশন এবং উন্নত মানের অডিও রেকর্ডিং। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের সুবিধাজনক সময়ে ক্লাসের রেকর্ডেড লেকচার দেখতে পারবে।
শিক্ষার্থীদের নিয়মিত তত্ত্বাবধানের জন্য ফেইসবুক ও মেসেঞ্জার গ্রুপ, লাইভ ক্লাস, মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক নোট ও সাজেশন যুক্ত করা হয়েছে। অভিভাবকদের জন্য রয়েছে বিশেষ প্রতিনিধি প্যানেল, যেখানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হবে।