শাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২২ এপ্রিল , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না শাখা ছাত্রদল। অনুমতি ছাড়াই বার বার দলীয় ব্যানারে কর্মসূচি করছে সংগঠনটির নেতাকর্মীরা। এ নিয়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন উপাচার্য।
সোমবার (২১ এপ্রিল) বিকালে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাবি শাখা ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকের সামনে সমাবেশের মাধ্যমে সংগঠনটির দলীয় কর্মসূচি শেষ হয়।
নিষেধাজ্ঞা স্বত্বেও বার বার দলীয় ব্যানারে কর্মসূচি পালন করা নিয়ে নিশ্চুপ ভূমিকা পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শাবি শাখা ছাত্রদল সভাপতি রাহাত জামান সাংবাদিকদের বলেন, যে কোন লিগ্যাল ইস্যুতে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কর্মসূচি পালন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। তাছাড়া আমাদের এখন একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। অতএব আমাদের কর্মসূচিগুলো দলীয় ব্যানারে করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কীভাবে কর্মসূচি করব; এমন প্রশ্ন রাখেন তিনি।
বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে দলীয় ব্যানারে কর্মসূচি করার অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “না আমরা কোন অনুমতি নেই নি।” বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে দলীয় ব্যানারে প্রোগ্রাম করা নিষিদ্ধ থাকায়, অনুমতি ব্যতীত প্রোগ্রাম করা আইন লঙ্ঘন হয়েছে কি না জানতে চাইলে এই নেতা বলেন, “আমাদের কাছে মনে হয় নি আমরা আইন লঙ্ঘন করেছি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের অনুমতি ব্যতীত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল দলীয় ব্যানারে ক্যাম্পাসের অভ্যন্তরে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করেছে। এই ব্যাপারে উপাচার্যের সাথে কথা বলব এবং অবশ্যই তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, আমি জানতে পেরেছি ছাত্রদল বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে মানববন্ধন করেছে। যা নিয়মবহির্ভূত কাজ। এর জন্য প্রক্টরকে নিয়ে আমরা তাদের সাথে বসবো। তাদের কে বুঝাবো এই মুহূর্তে এরকম রাজনৈতিক ব্যানারে দলীয় প্রোগ্রাম না করার জন্য, অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ তৈরি হবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটতে পারে, সেই সাথে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল নিষেধাজ্ঞা অমান্য করে শাবিপ্রবি শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এতে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি প্রশাসন।