জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ মার্চ , ২০২৫
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩৫০ কর্মচারীকে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবির।
বুধবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টায় শহীদ সাজিদ ভবনে কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, শেমাই, দুধ, চিনি, নুডুলস।
শাখা ইসলামী ছাত্র শিবির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের যারা চতুর্থ শ্রেণির কর্মচারী এবং দৈনিক কাজ করে তারা আসলে খুবই কম টাকা বেতন পান। তাতে সংসার চালিয়ে ঢাকায় থেকে অনেক কষ্টসাধ্য ব্যাপার। ঈদ আসলে সবার মনে একটি আনন্দের অনুভূতি নিয়ে আসে। আমরা চাই ঈদের সেই খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তাই বরাবরের মতোই এবারও আমরা কর্মচারীদের ঈদ উপহার সামগ্রী বিতরন করেছি।”
এবিষয়ে শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি আসাদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে যারা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন তারা নিম্ন বেতনের। আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। ক্যাম্পাসে কর্মচারীদের শীতবস্ত্র, রোজার ইদে উপহার সামগ্রী ও কুরবানীর গোশত বিতরন এর আগেও আমরা করেছি। কিন্তু এবছর ছাত্রলীগ না থাকায় প্রকাশ্যে করার সুযোগ হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবছর আমাদের এই কার্যক্রমে অনেকে সাড়া দেন, তবে এবছর একটু বেশি সাড়া পাচ্ছি। প্রথমে ৩০০ জনের আয়োজন করা হলেও পরবর্তীতে আরও ৫২টি প্যাকেট করা হয়। গত বছর এই উপহার সামগ্রী নিয়ে অনেককেই জবাবদিহি করতে হয়েছিল।