জবি সংবাদদাতা, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি , ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, "যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হলে দরিদ্র বিমোচন করতে বেশি সময় লাগবে না, দ্বীন বিজয়ী হলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। "
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতয়ালী থানা শাখা কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দেলোয়ার হোসেন বলেন, দ্বীন বিজয়ী হলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। ব্যক্তি পর্যায়ে যাকাতের অর্থ বন্টন নিয়ে চিন্তা করা লাগবে না, তখন দায়িত্ব বর্তাবে রাষ্ট্রের উপর। যতক্ষণ পর্যন্ত কুরআন ও সুন্নাহ বিজয়ী না হচ্ছে , ইসলামী অর্থব্যবস্থা চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাকাতের আটটি খাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ। ব্যক্তিগতভাবে যাকাতের অন্যান্য হকদারের দায়িত্ব নিতে চাইলেও সেগুলো কার্যকরী ভাবে সম্ভব নয়। রাষ্ট্রের পক্ষে যাকাতের হকদারদের মাঝে প্রয়োজন অনুযায়ী যাকাতের অর্থ বন্টনের দায়িত্ব রাষ্ট্রের।
এছাড়া তিনি আরো বলেন, বাংলাদেশে যাকাত দেওয়ার মত সামর্থ্যবান লোক সঠিকভাবে যাকাত আদায় করলে বাংলাদেশে আর দরিদ্র খুঁজে পাওয়া যাবে না। ইসলাম প্রতিষ্ঠা না হওয়ায় দরিদ্র বিমোচন সম্ভব হচ্ছে না। ইসলাম প্রতিষ্ঠিত হলে দরিদ্র বিমোচন করতে বেশি সময় লাগবে না।
অনুষ্ঠানে কোতয়ালী থানা আমির মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আসাদুল ইসলাম, কোতোয়ালী থানা দায়িত্বশীল সহ সুধীবৃন্দ।