জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৭ এপ্রিল , ২০২৫
জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ভ্যাকসিনেশন কর্মসূচিকে কেন্দ্র করে অর্থ কেলেঙ্কারির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর হুমকির মুখে পড়েছেন অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈকত ইসলাম।
রিপোর্ট প্রকাশের পর থেকে তার ওপর চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই হুমকি এবং ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর শব্দ ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিভিন্ন সাংবাদিকরা সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখেন। এছাড়া মানববন্ধনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা সাংবাদিকতার মৌলিক সংস্কার এবং স্বাধীন সাংবাদিকতার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজ আমাদের এখানে দাঁড়াতে হয়েছে একজন সাংবাদিককে হুমকির প্রতিবাদে।”
“সংবাদে ত্রুটি থাকলে সেটি সংশোধনের জন্য যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। কিন্তু আমরা দেখেছি, সংবাদপত্রের ওপর পেশিশক্তি প্রয়োগ করে সংবাদ সরিয়ে ফেলার চাপ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে যে অশোভন ও অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী মামুন বলেন, “সারা দেশে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, তার অন্যতম উৎস ছিল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে প্রথম গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল আমাদের সহকর্মীরা। আজ যখন এই সহকর্মীদের মানসিকভাবে নিপীড়ন করা হয়, তখন আমাদের আর বসে থাকার সুযোগ থাকে না। আমাদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতেই হয়, দাবি জানাতেই হয়।”
মানববন্ধনে বক্তব্য রাখেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহবায়ক আব্দুর রশিদ জিতু, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তৌহিদ মুহাম্মদ সিয়াম, জিয়াউদ্দিন আয়ান, আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার আঞ্জুমসহ আরও অনেকে।
গত ২৪ এপ্রিল ‘আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগবাটোয়ারার দ্বন্দ্বে জাবিতে ছাত্রদলের ভ্যাকসিন কর্মসূচি স্থগিত’শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কর্মসূচির আড়ালে মোটা অঙ্কের অর্থ লেনদেন, রাজনৈতিক পুনর্বাসন এবং ছাত্রদলের নেতাদের মধ্যে অর্থের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের চিত্র উঠে আসে। সংবাদটি প্রকাশের পর থেকেই সাংবাদিক সৈকতের ওপর শুরু হয় চাপ প্রয়োগ।
বাগছাস ও গণ অধিকার পরিষদের উদ্বেগ প্রকাশ
এ দিকে রিপোর্ট সরিয়ে ফেলা এবং তাকে ব্যক্তিগত হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চয়তার দাবি করেছে।
এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বিজ্ঞপ্তিতে তারা সাংবাদিককে হুমকি সাংবাদিকদের প্রতি আপত্তিকর শব্দ ব্যবহারে তীব্র নিন্দা জানান।