শাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ১৬ মার্চ , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রদলের নয়া কমিটিতে জায়গা না পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন মো. মনির হোসেন।
পদবঞ্চিত মনির হোসেনের দাবি, অদৃশ্য কোনো এক কারণে তাকে শাবি ছাত্রদলের কমিটিতে রাখা হয়নি।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে অনুভূতি জানিয়ে খোলা চিঠিতে তিনি বলেন, “আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী। বিশ্ববিদ্যালয় জীবন শুরু (২০১৩) থেকে আজ-অব্দি পর্যন্ত ছাত্রদলের সকল কর্মসূচি দায়িত্ব নিয়ে পালন করে আসছি। বলতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রেখেছি দুঃসময়েও এবং গ্রেফতার হয়ে কারাবরণও করেছি। কিন্তু দুঃখের বিষয় গত ১৪ মার্চ শাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠন করা হয় কিন্তু কমিটিতে আমাকে বঞ্চিত করা হয়েছে।”
কি অদৃশ্য বিশেষ কারণে বা কোন ক্রাইটেরিয়াতে তাকে বাদ দেয়া হলো; খোলা চিঠিতে পদবঞ্চিত মনির হোসেন তা জানতে চেয়েছেন।
কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ সেশনের ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়। আর আমি ২০১২-১৩ সেশনের হয়েও কেন পদ বঞ্চিত, তা আমার মন জানতে চায়।”
সব ক্রাইটেরিয়া কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য; এমন প্রশ্ন রাখেন পদবঞ্চিত এই নেতা।
উল্লেখ্য, গত ১৪ মার্চ প্রায় এক দশক পর শাবিপ্রবিতে ৭৬ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।