মানিক হোসেন, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫
প্রায় তিন হাজার অ্যালামনাই সদস্য নিয়ে মিলনমেলার আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ গেট টুগেদার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।
মিলনমেলায় সংগঠনটির আহবায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মনজারুল আলম।
এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিভাগের প্রায় তিন হাজার অ্যালামনাই।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব মুহম্মদ আবদুল হাই লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী কালের গেট টুগেদার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে বড় গেট টুগেদার হবে। এতে প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ গ্রাজুয়েট পর্যন্ত প্রায় তিন হাজারের মতো সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন।
অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানের পর স্মৃতি চারণ, অ্যালামনাইদের সন্তানদের খেলাধূলা ও পুরস্কার বিতরণ এবং সব রেজিস্ট্রার্ড অ্যালামনাই গিফট সম্বলিত ব্যাগ প্রদান করা হবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এছাড়াও ঢাকায় অনুষ্ঠিত প্রথম অ্যালামনাইয়ের স্মরণিকার মোড়ক উম্মোচন করা হবে।