পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৈনিক দারসুল কুরআন ও গণ-ইফতারের আয়োজন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এতে অংশ নিচ্ছেন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।
শাখা ছাত্রশিবিরের দাওয়াহ্ সংগঠন "মিনার"-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ২০ দিনব্যাপী এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে দারসে কুরআন পেশ করা হয়, যেখানে ইসলামের মৌলিক শিক্ষাসমূহ, নৈতিকতা, আত্মশুদ্ধি ও সমাজ জীবনে কুরআনের প্রয়োগ সম্পর্কে আলোচনা থাকে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ ব্যাপারে জানতে চাইলে মিনারের আহ্বায়ক হাবিবুল্লাহ খালেদ জানান, ১ম রমজান থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ছেলেদের জন্য কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন এবং মেয়েদের জন্য ছাত্রী হল সমূহে এই আয়োজন চলছে। গণ ইফতার ক্যাম্পাসে জুড়েই সৃষ্টি করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করছেন।
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং মিনারের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম বলেন, রমজানের তাৎপর্য ও কুরআনের শিক্ষাকে ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে দিতে এবং ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই দারসুল কুরআন ও গণ ইফতারের আয়োজন করা হয়। এই সম্মিলিত ইফতারের মাধ্যমে ক্যাম্পাসে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হচ্ছে।
মিনারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, পুরো রমজান মাস জুড়ে তারা শিক্ষার্থীদের জন্য কুরআনের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির দীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এ আয়োজন ইসলামের মহান আদর্শ প্রচারে কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।
ইফতার মাহফিলের বিশাল আয়োজনের খরচ সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, আমাদের আয়ের সিংহ ভাগ আসে আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুদানের মাধ্যমে। এর বাইরেও আমাদের বর্তমান জনশক্তি, সাবেক ভাইয়েরা আমাদের যে অর্থ সহায়তা দিচ্ছেন তা দিয়েই মূলত এই ইফতার আয়োজন। তাছাড়া ছাত্রশিবিরের আয়ের আরেকটি মাধ্যম হচ্ছে ছাত্রশিবির প্রকাশিত প্রকাশনা সামগ্রীর মুনাফা।